বার্তা সংস্থা আবনা : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে ভয়াবহ বোমা হামলায় ৩০ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় এ বোমা হামলার ঘটনা ঘটেছে।
নানগরহারের দুর বাবা এলাকার একটি মাজারে এক আত্মঘাতী হামলাকারী আজ (মঙ্গলবার) বিকেলে এ বোমা হামলা চালায়। সেখানে প্রাদেশিক গভর্নর হাজি হামেশা গুলের এক আত্মীয়ের জানাযা অনুষ্ঠান চলছিল।
ধারণা করা হচ্ছে- গভর্নর গুলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। বোমার বিস্ফোরণে গুলের ছেলে নিহত হয়েছেন। এতে তার এক ভাই ও দুই পুলিশ আহত হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে এ ধরনের সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। প্রায় এক লাখ ৩০ হাজার বিদেশি সেনা উপস্থিত থাকা সত্ত্বেও দেশটিতে সহিংসতা কমার কোনো লক্ষণ নেই। জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি ২০১২ সালের প্রথম ছয় মাসে আফগানিস্তানে প্রায় এক হাজার দু'শ' বেসামরিক নাগরিক নিহত হয়েছে।#
(সূত্র : রেডিও তেহরান)